হবিগঞ্জে খেত থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে এক কৃষকের খেতের বেড়ার জালে আটকে পড়া প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে গাদিশাল গ্রামের বাসিন্দা আবদুর রহমানের চারা খেতের বেড়ার জালে অজগরটি প্যাঁচ লেগে আটকে যায়। এ সময় সাপটি দেখতে পেয়ে তিনি দ্রুত লোকজনকে জানান। খবর পেয়ে চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সহসভাপতি আবদুর রাজ্জাক রাজু বনবিভাগকে বিষয়টি অবহিত করেন। পরে হবিগঞ্জ বনবিভাগের কালেঙ্গা বিট কর্মকর্তা আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। এদিকে লোকালয়ে বিশাল আকৃতির অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখার জন্য শত শত গ্রামবাসী ভিড় জমান। উদ্ধারকৃত অজগরটিকে পরে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন কালেঙ্গা বিট কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights