ছাগল চুরির অভিনব প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি

শেষ সম্বল চারটি ছাগল চুরি যাওয়ার পর কোনো প্রতিকার না পেয়ে মাদকসেবীদের বিরুদ্ধে নিজেই মাইক ভাড়া করে রাস্তায় নেমেছেন এক ঝালমুড়ি বিক্রেতা। অভিনব এ প্রতিবাদের ঘটনাটি গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামের। প্রতিবাদী ওই বৃদ্ধের নাম বুদু মিয়া (৫৫)। পেশায় তিনি একজন ক্ষুদ্র ঝালমুড়ি বিক্রেতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালমুড়ি বিক্রেতা বুদু মিয়া অতি কষ্ট করে টাকা জমিয়ে চারটি ছাগল লালন-পালন করছিলেন। কিন্তু গত রবিবার দুপুরে এলাকার কয়েকজন মাদকসেবী নেশার টাকা সংগ্রহের জন্য চারটি ছাগলই চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় অসহায় বুদু মিয়া স্থানীয়দের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার পাননি। এমনকি চুরির সময় ঘটনা টের পেয়েও এলাকার কেউ মাদকসেবীদের বিরুদ্ধে এগিয়ে আসেনি। এ অবস্থায় বুদু মিয়া নিজের ক্ষোভ, অভিমান আর প্রতিবাদ জানাতে ওইদিন বিকেলে পকেটের টাকা খরচ করে একটি হ্যান্ডমাইক ভাড়া করেন। এরপর থেকে তিনি শিবপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, রাস্তাঘাট ও গ্রামে ঘুরে ঘুরে মাদকসেবীদের বিরুদ্ধে এবং নিজের ছাগল চুরির প্রতিবাদে মাইকিং করছেন। মাইকিং করার একপর্যায়ে বুদু মিয়াকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘মাদকসেবীরা আমার চারটি ছাগল চুরি করে নিয়ে গেছে। আপনারা কেউ এর প্রতিবাদ করলেন না। মাদকসেবীদের এ অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে?’ এ মাইকংয়ের ২ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দার ঝড় ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights