হবিগঞ্জে ৭ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

বকেয়া মজুরি পরিশোধ, বোনাস, উৎসব ভাতা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী বাগানের চা শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করা হচ্ছে না। এছাড়া চা শ্রমিকদের রোদ-বৃষ্টিতে বাসস্থানে অবস্থান করতে দুর্ভোগ পোহাতে হয়। চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত তারা। তাই তাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে চা বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ দাস, সমীরণ বাকতি, পদ্মা মুন্ডা, সীমা ভৌমিক ও বিষকা কর্মকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, শনিবার (২২ জুলাই) দুপুরে চা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights