হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এর আগে গত ১৬ সেপ্টেম্বর শনিবার ‘জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে একদিনের মধ্যেই আরিফ বাপ্পীকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার আরিফ বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক যুবতীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন এবং তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত ওই তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। ভিডিওটি ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও ভিডিওটি এডিটিং করা বলে বাপ্পী তার ফেসবুকে দাবি করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে ‘চক্রান্তকারীরা ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights