হরমুজ থেকে ৭০০ কিলোমিটার পিছু হটেছে মার্কিন বাহিনী: ইরান
অনলাইন ডেস্ক
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে মার্কিন সামরিক বাহিনী অন্তত ৬০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর
(আইআরজিসি)-র নৌ অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আলি ওজমাই। দায়িত্ব পালনকালে প্রাণোৎসর্গকারী ইরানি সামরিক কর্মীদের আত্মত্যাগের ফলেই ওয়াশিংটন এই কৌশলগত জলপথ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বন্দর আব্বাসে রমজান যুদ্ধ এবং হরমুজ প্রণালি সংক্রান্ত বিভিন্ন অভিযানে নিহত শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে আইআরজিসি-র এই শীর্ষ কর্মকর্তা এসব মন্তব্য করেন। তিনি শহীদ কুদরত জারানগারি, আব্বাস ইসলামি, আবদুর রেজা গোলজারি এবং জাওয়াদ রাউফি-মোকদ্দামের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের পক্ষ থেকে পরিবারগুলোর কাছে বিশেষ বার্তা ও শুভেচ্ছা পৌঁছে দেন।
সাক্ষাৎকারকালে ব্রিগেডিয়ার জেনারেল ওজমাই সংঘাত ও অভিযানে প্রাণ হারানো সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের দেখানো আদর্শ ও পথ অনুসরণের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, হরমুজ প্রণালিতে কর্মরত সৈনিকদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের আগ্রাসী তৎপরতার মুখমুখী হতে অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করেছে। তাঁদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতির ওপর এক বড় ধরনের আঘাত হেনেছে বলে তিনি বর্ণনা করেন।
উক্ত এলাকায় বিদেশি শক্তির ঐতিহাসিক উপস্থিতির প্রসঙ্গ টেনে আইআরজিসি নৌ প্রধান বলেন, একসময় হরমুজ প্রণালীতে ব্রিটেন, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের নানা পরাশক্তির দাপট ও আধিপত্য ছিল। তবে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং এই জলপথে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটেছে। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন যে, মার্কিন বাহিনী এখন প্রণালীর মূল এলাকা থেকে অনেক দূরে সরে অবস্থান নিতে বাধ্য হয়েছে।
আঞ্চলিক পরিস্থিতির ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, আজ আর পারস্য উপসাগরের মূল এলাকায় বা হরমুজ প্রণালীর কাছাকাছি মার্কিনিদের কোনো সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছে না। তারা এখন প্রণালি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে এবং প্রণালী সংলগ্ন সংবেদনশীল এলাকায় কোনো মার্কিন যুদ্ধজাহাজ বা সামরিক জলযান আর দৃশ্যমান নয়। ওজমাই জোরালোভাবে ঘোষণা করেন যে, বিশ্বের অন্যতম এই কৌশলগত জলপথে যুক্তরাষ্ট্রের আর কোনো স্থান নেই।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক জলপথ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে। পুরো বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য এটি অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত এক শিপিং রুট হিসেবে বিবেচিত হয়ে আসছে। ফলে এই অঞ্চলে ইরানের এই শক্ত অবস্থান তৈরি হওয়াকে তারা নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় অর্জন বলে মনে করছে।
সূত্র: তেহরান টাইমস
