হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার ওমানে বৈঠকটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সর্বসম্মত ঐকমত্য তৈরির স্বার্থেই বৈঠকটি স্থগিত করা হয়েছে। তবে বৈঠকের নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বৈঠক স্থগিতের কথা জানান বদর আলবুসাইদি। একই সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা থাকা আটটি দেশের পতাকাও প্রকাশ করেন তিনি।

ইরান জানিয়েছে, আঞ্চলিক কয়েকটি দেশ বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। পরে ওমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের অনুরোধেই বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতিও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

বৈঠকটি স্থগিত হওয়ায় হরমুজ প্রণালি ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে।

বৈঠকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ হওয়ায় এ বৈঠকের দিকে আন্তর্জাতিক মহলেরও নজর ছিল।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওমানের সঙ্গে আলোচনা করে বৈঠকের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে ওমানের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করতে তেহরান প্রস্তুত বলেও জানানো হয়েছে।

সূত্র : রয়ার্টাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights