হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে
অনলাইন ডেস্ক
কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা হরমুজ ‘যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবির ঠিক এক দিন পরই এই কথা জানাল ইরান।
ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ ইউনিটের প্রধান হোসেইন তায়েব বৃহস্পতিবার জানিয়েছেন, হরমুজ প্রণালি বর্তমানে ইসলামি প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণেই রয়েছে। আধা-সরকারি ফারস নিউজের বরাতে এ তথ্য জানা যায়। হোসেইন তায়েব বলেন, এ প্রণালিতে যুদ্ধ বাধিয়ে যুক্তরাষ্ট্র মূলত অঞ্চলে ইরানের জনপ্রিয়তা নষ্ট করতে চেয়েছিল। এমনকি ইরানের কোনো বিমান বা নৌবাহিনী নেই দাবি করলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই পরাজিত হয়েছে। ইরান সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গেই নিজেদের পথে এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
এদিকে, এই যুদ্ধ যত দীর্ঘ হবে, ইরানের অভিজ্ঞতা তত বাড়বে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কীভাবে লড়তে হয়, সেই বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এর আগে আমরা কখনো এমন আসল যুদ্ধ দেখিনি। তবে গত পাঁচ মাসে আমরা সেই কৌশল খুব ভালোভাবেই শিখে নিয়েছি।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে আপাতত কোনো অগ্রগতি নেই। গত ১৭ জুন ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ১৪ দফার যে অন্তর্বর্তী চুক্তি সই হয়েছিল, তা পুরোপুরি স্থবির। ৮ জুলাই ট্রাম্প হঠাৎ চুক্তিটি ‘ভেঙে গেছে’ ঘোষণা দেন। এর জেরে তেহরানও সমঝোতা স্থগিত করে। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, প্রতিশ্রুতি অনুযায়ী ইরান হরমুজ প্রণালি খুলে দেয়নি। পাল্টা জবাবে ইরান বলছে, বন্দর অবরোধ প্রত্যাহার ও জব্দ সম্পদ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র রাখেনি। ফলে শান্তি প্রক্রিয়াই এখন মুখ থুবড়ে পড়েছে।
