হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে সতর্ক করল বিআরটিএ

অনলাইন ডেস্ক

গাড়িতে অননুমোদিত হর্ন ব্যবহার বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংস্থাটি জানিয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকাজ কিংবা রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অননুমোদিত শব্দসৃষ্টিকারী হর্ন ব্যবহার করা যাবে না।

বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী জরুরি সেবার যানবাহন ব্যতীত অন্য কোনো মোটরযানে পরপর বিভিন্ন সুর সৃষ্টি করতে পারে এমন বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করে এসব হর্ন ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএর মতে, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি এসব হর্ন চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

সংস্থাটি আরও জানায়, বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন, হুটার এবং অন্যান্য অননুমোদিত হর্ন সংযোজন করে ব্যবহার করার ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের কার্যক্রম আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights