হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

অনলাইন ডেস্ক

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল আর্টিবোনিতে সশস্ত্র গ্যাং হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ডিফঁসার প্লাস। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। একই সঙ্গে শত শত ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে কয়েক হাজার মানুষ হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার প্রকৃত ভয়াবহতা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি। যেখানে প্রাথমিকভাবে সরকারি সূত্রে নিহতের সংখ্যা ১৬ জন বলা হয়েছিল, সেখানে সংস্থাটি বলছে মৃত্যুর সংখ্যা অন্তত ৭০।

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, রবিবার ভোরে জঁ-দেনি এলাকার আশপাশের গ্রামগুলোতে হঠাৎ করেই হামলা চালায় গ্যাং সদস্যরা। ভোরের নীরবতা ভেঙে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা আর মানুষের চিৎকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। হামলাকারীরা বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়, লুটপাট চালায় এবং নির্বিচারে হামলা করে। এই তাণ্ডব চলে টানা সোমবার ভোর পর্যন্ত।

এই সহিংসতার কারণে প্রায় ৬ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে ডিফঁসার প্লাস। অনেকেই আশপাশের নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার অভাবে তাদের মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠছে।

এর আগে কাছাকাছি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার কারণে মাত্র কয়েক দিনের ব্যবধানে ২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

এদিকে জাতিসংঘ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র এক ব্রিফিংয়ে জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ৮০ জনের মধ্যে হতে পারে এবং পুরো ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিফঁসার প্লাস এবং ‘কালেকটিভ টু সেভ দ্য আর্টিবোনিত’ এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনীর যথাসময়ে কার্যকর প্রতিক্রিয়ার অভাব এবং পুরো অঞ্চলটিকে কার্যত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলা গ্যাং সহিংসতা দমনে সরকারের ব্যর্থতাই এই ধরনের গণহত্যার পথ তৈরি করছে।

বিশ্লেষকরা বলছেন, হাইতিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্বল রাষ্ট্রীয় কাঠামো এবং দারিদ্র্য এই তিনটি কারণ মিলেই গ্যাংগুলোর শক্তি বাড়িয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তারা প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত সক্ষমতা এবং সমন্বয়হীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights