হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযান: ৩ জনের কারাদণ্ড, মুচলেকায় মুক্ত ৩

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও শিকারের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। পরে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অন্য তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

এ অভিযানে ১৫৩ কেজি ৫০০ গ্রাম ইলিশ এবং প্রায় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালার কাসেমুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম অভিযানটি পরিচালনা করা হয়।

উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে উপজেলা প্রশাসন, হাইমচর থানা পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।

এ সময় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মাছ ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩৫ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। জব্দ করা ইলিশগুলো চারটি এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্টজাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

আটক ছয়জনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনকে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলা টাস্কফোর্সের আওতায় এমন অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights