হাতিয়াতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের বাণিজ্যিক ও পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। একই সাথে কমিটি গঠনে ক্ষুব্ধ অংশের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে হাতিয়াতে প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। শনিবার বিকেলে উপজেলার ওছখালী শহরে তারা এ কর্মসূচি পালন করে। এতে দলটির নেতাকর্মিরা হাতিয়া উপজেলা যুবদলের নবঘোষিত পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন, হাতিয়া উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম শামীম, আব্দুর রব রাশেদ, হাতিয়া পৌরসভা যুবদলের বিদায়ী সদস্যসচিব মো. মোছলেহ উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, চোরা গোপ্তা পকেট কমিটি অর্থের বিনিময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এ পকেট কমিটি ঘোষণা করেন। এ কমিটি গঠন নিয়ে কারো সাথে কোন আলাপ আলোচনা করা হয়নি। যাদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে তারা গত ১৭ বছর দলীয় কোন কর্মকান্ডে ছিলনা। এমন লোকদের দিয়ে কমিটি দেয়া হয়েছে তারা কমিটিতে পদ প্রত্যাশীও ছিলেন না। সমাবেশে অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে দলের ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন ও নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন। যুবদলের একাংশের নেতাকর্মীরা অভিযোগ করে আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে স্বৈরাচারের দোসর ও বহিরাগত উল্লেখ করে হাতিয়াতে প্রত্যাখান ও রাজনৈতিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে, এজন্য তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীরের মুঠোফোনে কল করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights