হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপকূলীয় হাতিয়া উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মো. নাহিদ হোসেন (২৩) উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের নুরু বেপারী বাড়ির মো. বেলালের ছেলে।

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদ নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি ভিকটিমকে প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৭ এপ্রিল বিকেলে ভিকটিমের মা পারিবারিক প্রয়োজনে এক প্রতিবেশির বাড়িতে যান। এ সময় নির্যাতিত কিশোরী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। কাজ শেষে ভুক্তভোগী কিশোরীর মা নিজ ঘরে এসে ভিকটিমের কান্না দেখে কারণ জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় বিকেল ৪টার দিকে বসতঘরের দরজা খোলা থাকায় নাহিদ ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ধর্ষণ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক ছিল। র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights