হাতিয়ার ৫০ শয্যা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৫০ শয্যা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, এমবিবিএস ডাক্তার, নার্সসহ বিভিন্ন শূন্য পদে নিয়োগ, নৌ-অ্যাম্বুলেন্স চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হাতিয়ার ছাত্রকল্যাণ সম্মিলিত সামাজিক সংগঠনের নেতারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হাতিয়া নোয়াখালীর মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ উপজেলা। এই উপজেলায় ৮ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল। এখানে ২২ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র ৫ জন। এছাড়া রয়েছে নার্স সংকট। হাসপাতালটি কোনভাবেই দ্বীপবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে পারছে না। তাই ৫০ শয্যার হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীতকরণের পাশাপাশি হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রদান, নৌ- এম্বুলেন্স চালু করার দাবি জানাচ্ছি।
হাতিয়া ছাত্রকল্যাণ সম্মিলিত সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময় জাগো বাংলা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তছলিম হোসেনের সভাপতিত্বে ও জাগ্রত দ্বীপ হাতিয়ার এডমিন আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে হাতিয়ার ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ, হাতিয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি এম এ ওসমান, উপদেষ্টা মোহাম্মদ মেহেরাজ উদ্দিন শাহীন, হাতি মানব কল্যাণ ফোরামের উপদেষ্টা মোহাম্মদ জুবায়ের হোসেন, ছাত্র কল্যাণ পরিষদের নেতা ফারুক আল ফাহাদ, হাতিয়া একতা ফাউন্ডেশনের মো. আব্দুর, জাগ্রত দ্বীপ হাতিয়ার পরিচালক আজগার হোসেন, আমাদের হাতিয়ার সভাপতি আয়াত হোসেন জুয়েল, নোবিপ্রোবি স্টুডেন্ট ফোরামের আব্দুস সালাম শিবলুসহ অন্যান্য সংগঠনের নেতারা বক্তব্য দেন প্রমুখ।
নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, ডিসেম্বরের মধ্যে আরও তিনজন ডাক্তার যোগদান করবে এবং বিশেষ ব্যবস্থাপনায় ৫০ শয্যা থেকে হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কোনো অসংগতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।
