হামলার জেরে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক

ভারতের সামরিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী। খবর রয়টার্সের।

তিনি জানান, হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। প্রদেশজুড়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

এদিকে ভারত সরকার দাবি করেছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অবস্থিত অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী ভারতের এ হামলার কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights