হার্ট অ্যাটাকের পর আরও বেশি নির্ভীক দাবি সুস্মিতার

অনলাইন ডেস্ক

মাস চারেক আগে বড় সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। চলতি বছরে ‘আরিয়া ৩’-এর শুটিংয়ের সেটেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের হার্ট অ্যাটাকের খবরও দেন অভিনেত্রী।

হার্ট অ্যাটাকের পর অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে, বসেছে স্টেন্টও। সেই খবরও নিজেই জানিয়েছেন। তবে সুস্থ হতেই শুটিংয়ে ফেরেন অভিনেত্রী। এত বড় একটা বিপদ পেরিয়ে এখন কেমন আছেন সুস্মিতা, সেই খবরও দিলেন নিজেই।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে। সুস্মিতা এক সাক্ষাৎকারে বলেন, “আমার স্বাস্থ্যের অনেকটাই পরিবর্তন এসেছে এবং যার ফলে জীবনকে দেখার একটা নতুন দৃষ্টিকোণ পেয়েছি। এটি আমার জীবনের এমন এক পর্যায়, যা অনেক কিছু শিখিয়েছে। আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। আরও বেশী নির্ভীক ও সতর্ক হয়েছি। নিজেকে ভাগ্যবতী বলে মনে হয়, জীবনের এই দিকটা দেখতে পাওয়ার জন্য।”
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শুটিং চলাকালীন শারীরিক অস্বস্তি অনুভব করেন সুস্মিতা সেন। কাজের ফাঁকে অভিনেত্রী হঠাৎ জানান, তার বুকে ব্যথা হচ্ছে। তখনই একজন চিকিৎসককে দিয়ে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানো হয় অভিনেত্রীর। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞরা তাকে দেখে জানান, অস্ত্রোপচার আবশ্যক। সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে হার্টে স্টেন্ট বসানো হয়। আরও এক দিন পর্যবেক্ষণে রাখার পর ১ মার্চ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে।

সুস্মিতার অসুস্থতার জন্য মাঝে কাজ বন্ধ হয়ে গেলেও। সুস্থ হয়ে ফিরে এসে শেষ করেন ‘আরিয়া ৩’-এর শুটিং। সম্প্রতি মুক্তি পেয়েছে তার আসন্ন ছবি ‘তালি’র ট্রেলার। খুব শিগগিরই শুরু হবে প্রচারের কাজ। সব মিলিয়ে এখন কাজে ডুবে আছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights