হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান রিজভীর

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালে ভিড় না করে উনার জন্য দোয়ার আহ্বান জানালেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এমন অনুরোধ জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

রিজভী জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আপনারা আবেগ থেকে যাচ্ছেন, শ্রদ্ধা থেকে যাচ্ছেন সেটা আমরা জানি। তবুও এর ফলে যাতে অন্যান্য রোগীর অসুবিধা না হয়, এ জন্য হাসপাতালে ভিড় না করার অনুরোধ করছি। নিজ নিজ অবস্থানে থেকে তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।

এর আগে এক প্রিস বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার চিকিৎসাস্থল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য নেতা-কর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি।

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights