হাসপাতাল পুড়িয়ে দেওয়ায় বিপাকে দরিদ্র রোগীরা
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকার দরিদ্র এবং অসহায় রোগীরা চরম চিকিৎসা সংকটে পড়েছেন। স্থানীয়দের কাছে ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই চিকিৎসকের ‘আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের প্রতিষ্ঠানটি পুড়িয়ে দেওয়ায় প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসাসেবা নিতে এসে পোড়া ধ্বংসস্তূপ দেখে মনঃকষ্ট নিয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দিতেন ডা. কে এম বাবর ও তাঁর সহধর্মিণী ডা. রাবেয়া আক্তার। এখানে স্বল্পমূল্যে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হতো। অনেক দরিদ্র অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ায় এলাকায় গরিবের ডাক্তার হিসেবে খ্যাতি পান ডা. কে এম বাবর ও তাঁর সহধর্মিণী ডা. রাবেয়া আক্তার। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুই দফা ওই হাসপাতালে ভাঙচুর, লুটপাট ও আগুনে সবকিছু পুড়িয়ে দেয়। এতে বন্ধ হয়ে গেছে গরিবের এ হাসপাতালটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ও ১৯ নভেম্বর গোপালগঞ্জজুড়ে চলা সহিংসতার ধারাবাহিকতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ডা. কে এম বাবরের অফিস এবং একই ভবনে অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দফায় দফায় হামলা চালায়। হামলাকারীরা হাসপাতালের রিসিপশন, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসকদের চেম্বার ও গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর, লুটপাট করে এবং ভবনের বিভিন্ন তলায় আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসপাতালের চিকিৎসাসামগ্রী ও আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দা রোগী আছিয়া বেগম, নুরে আলম ও সোবহান মিয়া বলেন, ডা. কে এম বাবর দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বল্প খরচে এবং অনেক ক্ষেত্রে বিনা ফিতে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। পাশাপাশি এই ডায়াগনস্টিক সেন্টারে তুলনামূলক কম খরচে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার সুযোগ থাকায় নিম্ন আয়ের মানুষের বড় ভরসা ছিল প্রতিষ্ঠানটি। তারা দ্রুত হাসপাতালটি চালুর ব্যবস্থা করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হাসপাতালের নিরাপত্তাপ্রহরী সাইদুল ইসলাম বলেন, সবকিছুই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে গেছে হামলাকারীরা। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, অগ্নিকাে র খবর পেয়ে তাৎক্ষণিকভাবেই যাওয়ার প্রস্তুতি নিই, কিন্তু আমাদের অফিসের গেটের বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রাখে। যে কারণে আমাদের যেতে দেরি হয়েছে।
