হিথ লেজারকে স্মরণ, জুলিয়ার নাচে আবেগাপ্লুত দর্শক-বিচারক
অনলাইন ডেস্ক
প্রয়াত সহশিল্পী হিথ লেজারকে স্মরণ করে আবেগঘন নৃত্য পরিবেশন করলেন হলিউড অভিনেত্রী জুলিয়া স্টাইলস। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ এর ৩৫তম মৌসুমের ‘ডেডিকেশন নাইট’ পর্বে তার পরিবেশনা দর্শক ও বিচারকদের আবেগাপ্লুত করে। তবে রাতের সবচেয়ে বড় চমক ছিল শেষ মুহূর্তে- প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ জুটির কাউকেই বাদ দেওয়া হয়নি।
বিনোদনবিষয়ক সাময়িকী এন্টারটেইনমেন্ট উইকলি-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) প্রচারিত ষষ্ঠ পর্বে প্রতিযোগীরা তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মানুষ কিংবা স্থানকে উৎসর্গ করে নাচ পরিবেশন করেন। কারও পরিবেশনা ছিল মা-বাবাকে ঘিরে, কেউ স্মরণ করেছেন প্রয়াত সহশিল্পীকে, আবার কেউ তুলে ধরেছেন নিজের দেশের প্রতি ভালোবাসা।
পর্বের শেষ পরিবেশনায় জুলিয়া স্টাইলস ও তার নৃত্যসঙ্গী এজরা সোসা ‘ক্যান্ট টেক মাই আইজ অফ ইউ’ গানের সঙ্গে সমসাময়িক ধারার নৃত্য পরিবেশন করেন। ১৯৯৯ সালের চলচ্চিত্র ‘১০ থিংস আই হেট অ্যাবাউট ইউ’তে হিথ লেজারের সঙ্গে অভিনয় করেছিলেন স্টাইলস। সেই সহশিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ছিল তাঁর এই পরিবেশনা।
নাচ শেষে মঞ্চে যোগ দেন ওই চলচ্চিত্রের আরও কয়েকজন অভিনয়শিল্পী, তাঁদের মধ্যে ছিলেন জোসেফ গর্ডন-লেভিট ও গ্যাব্রিয়েল ইউনিয়ন। স্টাইলস স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, লেজার সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিতেন এবং তিনি ছিলেন দলের প্রাণকেন্দ্র। পরিবেশনাটির জন্য স্টাইলস ও সোসা পান ৪০-এর মধ্যে ৩৬ নম্বর।
পর্বে সর্বোচ্চ ৩৮ নম্বর পান অলিম্পিক ফিগার স্কেটার অ্যাম্বার গ্লেন ও তার নৃত্যসঙ্গী পাশা পাশকভ। ছোট বোন ব্রুককে উৎসর্গ করা তাদের সমসাময়িক ধারার নাচে উঠে আসে কঠিন সময়ে বোনের পাশে থাকার গল্প। গ্লেন জানান, জীবনের কঠিন এক সময়ে বোন তাঁকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছিলেন। প্যারালিম্পিক অ্যাথলেট এজরা ফ্রেচ ও তার নৃত্যসঙ্গী ড্যানিয়েলা কারাগাচও নজর কাড়েন। মাকে উৎসর্গ করা তাদের পরিবেশনায় বিচারকদের অতিথি সদস্য কিম জনসন মৌসুমের প্রথম ১০ নম্বর দেন। সব মিলিয়ে জুটি পায় ৩৭ নম্বর।
এদিকে ‘দ্য ফ্রেশ প্রিন্স অব বেল-এয়ার’ সিরিজের প্রয়াত অভিনেতা জেমস অ্যাভারিকে স্মরণ করেন তাতিয়ানা আলি। তার পরিবেশনায় বিশেষভাবে যোগ দেন শোটির সহ-উপস্থাপক ও সিরিজটির সাবেক সহশিল্পী আলফনসো রিবেইরো। তাঁদের পুনর্মিলনও দর্শকদের কাছে আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে। আয়ারল্যান্ডের প্রতি ভালোবাসা জানিয়ে নাচেন মাউরা হিগিন্স। তার পরিবেশনার স্কোর ছিল ৩৫। নিজের মাকে উৎসর্গ করা নাচে ৩৭ নম্বর পান জেনা দেওয়ান; পেশাদার নৃত্যশিল্পী ভ্যাল চমেরকোভস্কির অনুপস্থিতিতে তার সঙ্গী ছিলেন অ্যালান বার্স্টেন। স্ত্রী শেলবি রাবারাকে উৎসর্গ করা পরিবেশনায় হ্যারি শাম জুনিয়র পান ৩৬ নম্বর।
পর্বের আরেকটি আলোচিত মুহূর্ত ছিল টাইলার ক্যামেরনের ঘোষণা। মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচ পরিবেশনের সময় তিনি ও তার বাগ্দত্তা টেট ম্যাডেন জানান, তাঁদের প্রথম সন্তান আসছে। একই সঙ্গে তারা জানান, তাদের সন্তান মেয়ে হবে। ক্যামেরন ও তাঁর নৃত্যসঙ্গী শারনা বার্গেস পান ৩২ নম্বর।
তাতিয়ানা আলি, জ্যাকসন ওলসন, কনর উড ও টাইলার ক্যামেরন- এই চার প্রতিযোগী ৩২ নম্বর পেয়ে স্কোরের তালিকায় যৌথভাবে সর্বনিম্ন অবস্থানে ছিলেন। তাই পর্বের শেষ দিকে কে বাদ পড়বেন, তা নিয়ে তৈরি হয় উত্তেজনা। কিন্তু উপস্থাপক রিবেইরো ঘোষণা করেন, এ সপ্তাহে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। ফলে বাকি ১০ জুটিই পরের সপ্তাহে প্রতিযোগিতায় ফিরবেন। পরবর্তী পর্বের থিম ‘হরর মুভি নাইট’। সেদিন প্রতিযোগীদের সামনে থাকবে আরও কঠিন লড়াই; সেখানেই নির্ধারিত হবে কে এগিয়ে যাবেন এবং কার যাত্রা শেষ হবে।
