হীরকজয়ন্তীতে ‘নিঝুমপুরীর জ্ঞানরাজ্য’
রাজীব নন্দী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী আজ। ষাট বছরের এই পথচলায় বিশ্ববিদ্যালয়টির পরিচয় তৈরি হয়েছে অনেকভাবে। জ্ঞানচর্চা, আন্দোলন, সংস্কৃতি, গবেষণা কিংবা অসংখ্য মানুষের স্মৃতির ভিতর দিয়ে। কিন্তু এ পরিচয়ের আরেকটি দিক আছে, যা প্রথম দেখাতেই চোখে পড়ে। সেটি তার প্রকৃতি। শহরের কোলাহল পেরিয়ে হাটহাজারীর দিকে এগোলে হঠাৎই বদলে যায় চারপাশের দৃশ্য। দূরে পাহাড়। কোথাও সবুজের ঢেউ, কোথাও সমতল। বর্ষায় পাহাড় বেয়ে নেমে আসে ছোট ছোট জলধারা। গাছের ফাঁক দিয়ে দেখা যায় আকাশ। মনে হয়, প্রকৃতি নিজেই যেন এখানে একটি বিশ্ববিদ্যালয় গড়ে দিয়েছে। শিক্ষার্থী হিসেবে প্রথম যখন এই ক্যাম্পাসে পা রেখেছিলাম, তখন এর বিশালতা আর নৈসর্গিক সৌন্দর্য আলাদা করে অনুভব করেছিলাম। আমাদের কাছে এটি ছিল ‘নিঝুমপুরীর জ্ঞানরাজ্য’। নামটির মধ্যে যেমন নির্জনতার আবেশ ছিল, তেমনি ছিল জ্ঞানচর্চার এক নিজস্ব জগৎ। সময়ের সঙ্গে সেই অনুভূতির অনেক কিছু বদলেছে। ক্যাম্পাসে বেড়েছে ভবন, বেড়েছে মানুষের আনাগোনা। বদলেছে যোগাযোগব্যবস্থা, শিক্ষার ধরন, এমনকি শিক্ষার্থীদের জীবনযাপনও। কিন্তু পাহাড়, গাছপালা, জলধারা আর ঋতুর রং মিলিয়ে যে স্বতন্ত্র প্রকৃতি, সেটি আজও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় পরিচয়।
প্রায় আড়াই হাজার একরের এই ক্যাম্পাস চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে হাটহাজারীর ফতেপুরে এর অবস্থান। এই বিশাল ভূখণ্ডের বিশেষত্ব শুধু আয়তনে নয়। এর ভূপ্রকৃতিতেও রয়েছে বৈচিত্র্য। পাহাড় ও সমতল পাশাপাশি অবস্থান করছে। কোথাও উঁচু-নিচু টিলা, কোথাও ঘন গাছপালা, কোথাও খোলা মাঠ। এই বৈচিত্র্যই ক্যাম্পাসকে দিয়েছে আলাদা চরিত্র। অনেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বড় হতে পারে, কিন্তু একই জায়গায় পাহাড়, সমতল, বনভূমি আর জলধারার এমন সহাবস্থান সহজে দেখা যায় না।
ঋতু বদলের সঙ্গে এই ক্যাম্পাসের চেহারাও বদলে যায়। শীতের সকালে পাহাড়ের গায়ে কুয়াশা জমে থাকে। দূরের ভবনগুলো কখনো আবছা হয়ে যায়। গ্রীষ্মে বড় গাছের ছায়া হয়ে ওঠে স্বস্তির জায়গা। বর্ষায় পাহাড়ি পথের পাশে তৈরি হয় ছোট ছোট জলধারা। কোথাও জমে থাকা পানিতে আকাশের প্রতিবিম্ব পড়ে। শরতে নীল আকাশ আর সাদা মেঘের নিচে সবুজ পাহাড় অন্য রকম সৌন্দর্য ছড়ায়। এই পরিবর্তন শুধু চোখের আনন্দ নয়। প্রকৃতির সঙ্গে মানুষের প্রতিদিনের সম্পর্ক তৈরি করে। ক্লাসে যাওয়ার পথে, শাটলের জানালায় কিংবা বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে শিক্ষার্থীরা অজান্তেই এই প্রকৃতির অংশ হয়ে ওঠে।
রাজদরবার থেকে বহুক্রোশ দূরে, ঘন তপোবনের নিভৃত পরিবেশে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা উচিত, তার আদর্শ আমাদের শিখিয়ে গেছেন মহাভারতের দ্রোণাচার্য। ধৃতরাষ্ট্রের অন্নভোগী হয়েও তিনি রাজাকে কখনো নিজের শিক্ষাঙ্গনের চৌহদ্দিতে অনধিকার প্রবেশের সুযোগ দেননি। শিক্ষা ও জ্ঞানচর্চার স্বাধীনতা যে রাজানুগ্রহের ঊর্ধ্বে- দ্রোণাচার্যের সেই অবস্থানই আজও প্রাসঙ্গিক।
বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় তাদের প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার ক্যাম্পাস একদিকে বনভূমি, অন্যদিকে সমুদ্রের কাছাকাছি অবস্থানের জন্য বিশেষভাবে পরিচিত। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা ক্রুজের ক্যাম্পাস রেডউড বনের মধ্যে গড়ে উঠেছে। এসব বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ তাদের পরিচয়ের অংশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের ভূপ্রকৃতির সরাসরি মিল নেই। তবে একটি জায়গায় মিল আছে। প্রকৃতি এখানে শুধু ক্যাম্পাসের পটভূমি নয়। এটি শিক্ষার্থী ও শিক্ষকদের দৈনন্দিন অভিজ্ঞতার অংশ। এই অভিজ্ঞতাকে শিক্ষা ও গবেষণার শক্তিতে রূপ দেওয়ার সুযোগও রয়েছে।
সেই সুযোগের একটি বড় ক্ষেত্র বন ও পরিবেশবিষয়ক গবেষণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস প্রতিষ্ঠার পর থেকে বনবিদ্যা, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ নিয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৃক্ষবৈচিত্র্যও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এখানে চার শতাধিক একর এলাকায় বৃক্ষরোপণ হয়েছে। রয়েছে দেশিবিদেশি দুই শতাধিক প্রজাতির গাছ। ৬০ একর আয়তনের বোটানিক্যাল গার্ডেনে প্রায় ৪০০ প্রজাতির ১০ হাজারের বেশি উদ্ভিদ রয়েছে। অর্কিডেরও রয়েছে উল্লেখযোগ্য সংগ্রহ। এসব তথ্য ক্যাম্পাসের সবুজ সৌন্দর্যের পাশাপাশি এর গবেষণামূল্যও তুলে ধরে।
তবে শুধু গাছের সংখ্যা বা প্রজাতির তালিকা দিয়ে একটি প্রাকৃতিক ক্যাম্পাসের গুরুত্ব বোঝা যায় না। কোন গাছ হারিয়ে যাচ্ছে, কোন প্রজাতি টিকে থাকার ঝুঁকিতে আছে, কোন উদ্ভিদ স্থানীয় পরিবেশের জন্য বেশি উপযোগী, এসব প্রশ্নও জরুরি। বিপন্ন ও বিরল উদ্ভিদ সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে ক্যাম্পাসের পাহাড়, জলাধার ও বনভূমির পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা দরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর দূরের কোনো তাত্ত্বিক বিষয় নয়। তাপমাত্রা, বৃষ্টিপাত, জীববৈচিত্র্য ও ভূমির ব্যবহারে এর প্রভাব পড়ছে। তাই ক্যাম্পাসের সবুজ অঞ্চলকে গবেষণার বাস্তব ক্ষেত্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে। গ্রিনহাউস, উদ্ভিদ সংরক্ষণ, কার্বন ধারণ এবং স্থানীয় জীববৈচিত্র্য নিয়ে আরও সমন্বিত গবেষণা এই কাজকে এগিয়ে নিতে পারে।
এই গবেষণার পরিসর ক্যাম্পাসের সীমানায় আটকে থাকার কথা নয়। কাছেই রয়েছে হালদা নদী। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নদীসম্পদ হিসেবে হালদার পরিচিতি অনেক পুরোনো। এর জলজ জীববৈচিত্র্য, প্রজনন পরিবেশ, নদীর প্রবাহ এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পর্ক নিয়ে গবেষণার বিস্তর সুযোগ রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য হালদা হতে পারে একটি জীবন্ত গবেষণাগার। নদীটির পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণ, দূষণের উৎস শনাক্ত, জলজ প্রাণীর আবাস সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা নথিবদ্ধ করার মতো কাজ বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও বাস্তবমুখী করতে পারে। হালদাকে ঘিরে গবেষণা ও সংরক্ষণ উদ্যোগের গুরুত্ব তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিসর ছাড়িয়ে বৃহত্তর সমাজের সঙ্গেও যুক্ত।
বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ভাবনায় নতুন কিছু যুক্ত করার সুযোগ আছে। ক্যাম্পাসের জীববৈচিত্র্য নিয়ে একটি হালনাগাদ ডিজিটাল মানচিত্র তৈরি করা যেতে পারে। গাছ, পাখি, প্রজাপতি, জলধারা ও পাহাড়ি এলাকার তথ্য নিয়মিত সংরক্ষণ করা সম্ভব। শিক্ষার্থীরা গবেষণার পাশাপাশি প্রকৃতি পর্যবেক্ষণ, আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও ডিজিটাল আর্কাইভ তৈরিতে যুক্ত হতে পারে। নির্দিষ্ট কিছু এলাকায় পরিবেশবান্ধব হাঁটার পথ, তথ্যফলক কিংবা পাখি পর্যবেক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। এতে ক্যাম্পাসের প্রকৃতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বাড়বে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে পরিবেশশিক্ষা ও প্রকৃতিনির্ভর গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষাট বছর পূর্তিতে তাই শুধু অতীতের অর্জন স্মরণ করলেই চলবে না। ভবিষ্যতের জন্য কী রেখে যাচ্ছি, সেই প্রশ্নও করতে হবে। ষাট বছর আগে যে ক্যাম্পাসে জ্ঞানচর্চার যাত্রা শুরু হয়েছিল, সেখানে আজ নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এসেছে। হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে প্রত্যাশা, এটি শুধু জ্ঞান বিতরণের প্রতিষ্ঠান হয়ে থাকবে না। নিজের প্রাকৃতিক ঐতিহ্যকে গবেষণা, শিক্ষা ও সংরক্ষণের মাধ্যমে আরও সমৃদ্ধ করবে। পাহাড় ও সবুজের এই বিশ্ববিদ্যালয় যেন আগামী ষাট বছর পরও তার স্বতন্ত্র সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। তখনো কোনো নতুন শিক্ষার্থী হয়তো ক্যাম্পাসে এসে মনে মনে বলবে, এ এক নিঝুমপুরীর জ্ঞানরাজ্য।
লেখক : শিক্ষক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; বর্তমানে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চ স্কলার
