১০ দিনে ঢাকা জেলার সাত থানায় গ্রেফতার সহস্রাধিক: এসপি

অনলাইন ডেস্ক
ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে টানা অভিযানে বড় সাফল্যের কথা জানিয়েছে জেলা পুলিশ। চলতি মাসের প্রথম ১০ দিনেই জেলার একাধিক থানায় সহস্রাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ১ থেকে ১১ জুন পর্যন্ত জেলার সাত থানাসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোর অভিযানে মোট ১০০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাভার মডেল থানা ১৪০, আশুলিয়া ১৫২, ধামরাই ৫৮, কেরানীগঞ্জ মডেল থানা ১০৬, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ১২৫, নবাবগঞ্জ ৯৫, দোহার ৯১, ডিবি উত্তর ১০২, ডিবি দক্ষিণ ৮১ জন রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানায় নিয়মিত কার্যক্রম ও বিশেষ অভিযান নিয়ে এ তথ্য তুলে ধরেন তিনি।

পুলিশ সুপার বলেন, মাদকসহ অন্যান্য অপরাধ নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, সাভারে গত ২২ মে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত শামীমসহ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুলসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights