২১ ঘণ্টার মধ্যে আবারও ব্রাজিলকে ধরে ফেললো জার্মানি

অনলাইন ডেস্ক
বিশ্বরেকর্ড যেন এখন ব্রাজিল আর জার্মানির মধ্যে এক দমফাটা প্রতিযোগিতা। একবার এক দল এগিয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই অন্য দল সেই জায়গা দখল করে নিচ্ছে।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড দীর্ঘদিন ধরে ছিল ব্রাজিলের দখলে। তবে এবারের আসরে প্রথম ম্যাচেই কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোল করে সেই রেকর্ড ভেঙে দেয় জার্মানি। ব্রাজিলের ২৩৮ গোল ছাড়িয়ে তারা পৌঁছে যায় ২৩৯ গোলে।

১৪ জুন হওয়া সেই ম্যাচের পর ছয় দিন পেরোতেই পাল্টে যায় চিত্র। ২০ জুন সকালে হাইতির বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। প্রথমার্ধেই তিন গোল করে তারা আবারও রেকর্ড নিজেদের দখলে নেয়। তখন ব্রাজিলের মোট গোল দাঁড়ায় ২৪১।

কিন্তু সেই আধিপত্য স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র ২১ ঘণ্টা পরই জার্মানি আবার ব্রাজিলকে ধরে ফেলে। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে আরও দুই গোল যোগ করে জার্মানি। ফলে তাদের মোট গোলসংখ্যাও দাঁড়ায় ২৪১।

এখন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় যৌথভাবে শীর্ষে আছে ব্রাজিল ও জার্মানি। দুই দলের গোলই ২৪১।

এই লড়াইয়ে অনেক পিছিয়ে আছে অন্য দলগুলো। আর্জেন্টিনার গোল ১৫৫, ফ্রান্স ১৩৯, ইতালি ১২৮, স্পেন ও ইংল্যান্ড ১০৮ করে গোল করেছে।

বিশ্বকাপের মঞ্চে রেকর্ড ভাঙা আর গড়ার এই প্রতিযোগিতা যে এখানেই থামছে না, সেটি স্পষ্ট। সামনে ম্যাচ বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বদলাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights