২৩টি দেশের ১৪০০ ছাত্রের মাঝে সেরা বাংলাদেশের শরীফ
কুমিল্লা প্রতিনিধি
দক্ষিণ কোরিয়ার বুসানের ডোংআ ইউনিভার্সিটিতে ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর ২৩টি দেশের ১৪০০ বিদেশি ছাত্রের মাঝে ২০২৩ সালের সেরা ছাত্র নির্বাচন করা হয়েছে। এতে সেরা ছাত্র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শরীফ খান।
শরীফ খান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী।
ডোংআ ইউনিভার্সিটিতে একাডেমিক রেজাল্ট, কালচারাল অ্যাক্টিভিটি, ইউনিভার্সিটির সাথে সুসম্পর্ক ও ভলেন্টিয়ারিং এই কয়টি বিষয়ের উপর এই নির্বাচন করা হয়। নির্বাচিত ছাত্রকে নগদ অর্থসহ বিভিন্ন বৃত্তি দেওয়া হয়।
শরীফ খানের এই অর্জনে ডোংআ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে অভিনন্দন জানিয়েছেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল আলাদাভাবে অভিনন্দন বার্তা পাঠিয়েছে।
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের আবুল কালাম আজাদ বলেন, এটা আমাদের বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়, গত ৫ বছরে ভারত, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, সিংগাপুরসহ সাউথ এশিয়ান দেশগুলোর মাঝে শরীফ খান এই বৃত্তি পেয়েছেন। তাছাড়া বাংলাদেশিদের মাঝেও তিনিই প্রথম এই অর্জন তুলে নিয়েছেন।
শরীফ খান বলেন, এই অর্জন আমার একার নয়, এটা সকল বাংলাদেশিদের অর্জন। আমি আমার দেশের সকল ছাত্রদের জন্য এই অর্জন উৎসর্গ করলাম।
