২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। এতে যমুনা সেতুতে বেড়েছে টোল আদায়। গত ২৪ ঘণ্টায় এ সেতুতে দুই কোটি ৫৭ লাখ টাকা টোল আদায়ের তথ্য দিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে।

এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ১৫ হাজার ৩৫৪টি; যা থেকে টোল আদায় হয়েছে এক কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

এ ছাড়া ঢাকাগামী যানবাহন পারাপার হয়েছে ১৩ হাজার ৮৭৯টি; যার বিপরীতে এক কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে বলে জানান প্রকৌশলী পাভেল।

তিনি বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে নয়টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে সেতুর উভয় পাশে মোটরসাইকেলের জন্য দুটি করে বুথ স্থাপন করা হয়েছে।

ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

মহাসড়ক সংশ্লিষ্টরা বলছে, মঙ্গলবারের চেয়ে বুধবার মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার বিকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে সাত শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights