২৪ ঘণ্টার ব্যবধানে মুছে গেল ফেরান তোরেসের ম্যুরাল

স্পোর্টস ডেস্ক
স্পেনকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া ফেরান তোরেসকে সম্মান জানিয়ে বার্সেলোনায় আঁকা একটি ম্যুরাল উন্মোচনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। ‘দুর্বৃত্তরা’ ম্যুরালটি নষ্ট করার পর বার্সেলোনা সিটি কাউন্সিল পুরো দেয়ালে কালো রং করে দিয়েছে। রাজনৈতিক ক্ষোভ ও স্বাধীনতাকামীদের স্প্রে-পেইন্টের পর মাত্র একদিনের ব্যবধানে পুরো ম্যুরালটি মুছে দিয়েছে স্থানীয় নগর কর্তৃপক্ষ।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে বার্সেলোনার গ্রাসিয়া এলাকার জোয়ানিক মেট্রো স্টেশনের কাছে দেয়ালচিত্রটি এঁকেছিলেন বিখ্যাত স্ট্রিট আর্টিস্ট ‘টিভিবয়’।

ম্যুরালে বিশ্বকাপ ট্রফিতে চুম্বনরত তোরেসের ছবি আঁকা ছিল। পাশে ইংরেজিতে লেখা ছিল ‘Making History’ (ইতিহাস সৃষ্টি)। দুটি তারার মাধ্যমে স্পেনের দুই বিশ্বকাপ জয়ের প্রতীকও তুলে ধরা হয়েছিল। উন্মোচনের পরপরই এটি দেখতে ভিড় জমিয়েছিলেন ফুটবলপ্রেমী ও পর্যটকরা।

কিছু দুর্বৃত্ত তোরেসের ম্যুরালটির ওপর স্প্রে-পেইন্ট দিয়ে বিভিন্ন স্লোগান লিখে তা নষ্ট করে দেয়। সংগৃহীত ছবি
তবে অল্প সময়ের মধ্যেই অজ্ঞাত ব্যক্তিরা ম্যুরালের ওপর স্প্রে-পেইন্ট দিয়ে কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে এবং স্পেনবিরোধী বিভিন্ন রাজনৈতিক স্লোগান লিখে সেটি বিকৃত করে দেয়। এর মধ্যে ‘আমরা কাতালান জাতীয় দল চাই’—এমন বার্তাও ছিল।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে শিল্পী টিভিবয় বলেন, ‘আমি আঁকা থামাব না। তোমরা আমাকে ভয় দেখাতে পারবে না।’

পরে বার্সেলোনা সিটি কাউন্সিল পুরো দেয়াল কালো রঙে ঢেকে দেয়। এতে মূল ম্যুরালের পাশাপাশি পরবর্তীতে লেখা রাজনৈতিক গ্রাফিতিও মুছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights