‘২৫ মার্চ ইতিহাসের কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন’
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ২৫ মার্চ রাতে পাক-হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে হত্যা করে। তারা রক্তের স্রোতে ভাসিয়ে দিতে চেয়েছিল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম।
তিনি আরও বলেন, ওই রাতে হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগসহ সারা দেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালালে শহিদ হন ছাত্র-শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তখন আপসহীন বাঙালিরা শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সে ধারাবাহিকতায় দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
বুধবার বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতাটি আয়োজন করে বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমি। এতে বিজয়ী ১২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. এবায়েদুল হক চাঁন, নুরুল আলম ফরিদ ও দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানে গণহত্যা দিবস নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
