জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭টি ইভেন্ট

অনলাইন ডেস্ক

জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়ার গুরুত্ব আরও বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।

এতে বলা হয়েছে, সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং তা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে জাতীয় শিক্ষাক্রমে সাতটি ক্রীড়া ইভেন্ট যুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এই ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এসব ইভেন্ট দ্রুত শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এর মাধ্যমে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং একটি সুস্থ ও সক্রিয় প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights