২ দফা দাবিতে রাবি ছাত্রদলের অবস্থান
প্রথমবর্ষের ভোটাধিকার ও নারী নেত্রীদের উপর হামলার বিচার দাবিতে অবস্থান করেছে ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করবেন তারা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসুর মুলা ঝুলিয়ে অন্যদের বিচ্ছিন্ন রাখা হয়েছে। আন্দোলনে আমাদের নারী নেত্রীবৃন্দের উপর হামলা হয়েছে। এটার বিচার চাই। অবিলম্বে প্রথমবর্ষের ভোটাধিকার ফিরে না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা কামাল আকন্দ বলেন, শেষদিনের উদ্ভূত পরিস্থিতির কারণে দু’দিন মনোনয়ন বিতরণ পেছানো হয়েছে। প্রথমবর্ষ নিয়ে বেশকিছু পর্যালোচনা আছে। ২৪ ঘন্টার মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে, ৩১ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণের শেষ দিনে ছাত্রদল, শিবির ও সমন্বয়কসহ অন্য সংগঠনের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়। এতে অন্তত ৮জন আহত হয়। প্রথমবর্ষের ভোটাধিকারের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রদল। এতে দলের সভাপতি কোষাধ্যক্ষ কার্যালয়ে গিয়ে মনোনয়নের কার্যক্রম বন্ধ করেন। পরে অন্য পক্ষরা এলে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। তবে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যায় ছাত্রদল।
