৩৬ বছর বয়সে কোহলির সাবেক সতীর্থের মৃত্যু

অনলাইন ডেস্ক
ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও পাঞ্জাব ক্রিকেট টিমের মিডিয়াম পেসার আমানপ্রীত সিং গিল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। অবশ্য তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তার মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার চণ্ডীগড়ে এই ক্রিকেটারের মৃত্যু হয়। আমানপ্রীত অনূর্ধ্ব-১৯ দলে বিরাট কোহলির সতীর্থ ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঞ্জাবের হয়ে ৬টি ম্যাচ খেলে ১১টি উইকেট শিকার করেছিলেন এই মিডিয়াম পেসার। এছাড়া, আইপিএলের প্রথম মৌসুমে পাঞ্জাব কিংসের স্কোয়াডেও ছিলেন তিনি। পরে তিনি পাঞ্জাবের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এক্সে শোকবার্তায় জানায়, পাঞ্জাবের সাবেক ক্রিকেটার এবং সিনিয়র সিলেকশন কমিটির সদস্য আমানপ্রীত সিং গিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। ওয়াহেগুরু যেন বিদেহী আত্মাকে চিরশান্তি দান করেন এবং এই কঠিন সময়ে পরিবারকে শক্তি দেন।

আমানপ্রীতের মৃত্যুতে শ্রদ্ধা জানান দুইবারের বিশ্বকাপজয়ী ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।

এক্সে তিনি লেখেন, আমানপ্রীত সিং গিলের মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত। ক্যারিয়ারের শুরুর দিকে আমি তার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করেছি। তিনি ছিলেন শান্ত, পরিশ্রমী এবং ক্রিকেটপ্রেমী একজন ক্রিকেটার। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শান্তিতে বিশ্রাম নাও।

২০০৭ সালে ভারতের হয়ে পাঁচটি যুব ওয়ানডে ও একটি যুব টেস্ট ম্যাচ খেলেছিলেন আমানপ্রীত। লম্বা সংস্করণের ক্রিকেটে সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার উইকেটও নিয়েছিলেন তিনি। তবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ২০০৮ সালের বিশ্বকাপজয়ী ভারত অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights