৩৬ বছর বয়সে মারা গেলেন ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’ তারকা হেইডেন প্যানেটিয়ের

অনলাইন ডেস্ক
‘হিরোজ’ এবং ‘ন্যাশভিল’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

গতকাল রবিবার রাতে এবিসি নিউজ ও দ্য গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে তার প্রতিনিধি এবং বাবা স্কিপ প্যানেটিয়ের এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করা হয়নি।

তার বাবা এক শোকবার্তায় বলেন, অত্যন্ত গভীর বেদনার সঙ্গে আমরা আমাদের প্রিয় হেইডেনের প্রয়াণের খবর জানাচ্ছি। সে এক অবিশ্বাস্য আলোকবর্তিকা ও প্রকৃতির শক্তি ছিল, যে তার পরিচিত সবাইকে এবং পর্দায় তাকে দেখা কোটি কোটি মানুষকে অসীম ভালোবাসা ও আনন্দ দিয়ে গেছে।

১৯৮৯ সালে জন্ম নেওয়া প্যানেটিয়ের খুব ছোটোবেলা থেকেই শোবিজ অঙ্গনে পা রাখেন। মাত্র ১১ মাস বয়সে একটি খেলনার বিজ্ঞাপনের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। মাত্র ৯ বছর বয়সে পিক্সারের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘এ বাগস লাই’-এ রাজকুমারী ডট চরিত্রে কণ্ঠ দিয়ে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

২০০০ সালে তিনি ‘রিমেম্বার দ্য টাইটানস’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত চলা জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘হিরোজ’-এ অবিনশ্বর চিয়ারলিডার ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে ১৭ বছর বয়সেই বিশ্বজুড়ে রাতারাতি তারকাখ্যাতি পান। এছাড়া, মিউজিক্যাল ড্রামা সিরিজ ‘ন্যাশভিল’-এ জুলিয়েট বার্নস চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি দুটি গোল্ডেন গ্লোব মনোনয়ন লাভ করেন। সিরিজটিতে তার গাওয়া বেশ কিছু গান বিলবোর্ডের হট কান্ট্রি সং চার্টেও স্থান পেয়েছিল। বড় পর্দায় তাকে ‘স্ক্রিম ৪’ এবং ‘স্ক্রিম সিক্স’ চলচ্চিত্রেও দেখা গেছে।

২০১৪ সালে ইউক্রেনীয় হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিৎসকো ও প্যানেটিয়েরের ঘরে কন্যা সন্তান কায়া ক্লিৎসকো জন্ম নেয়। পরবর্তীতে দীর্ঘদিন ধরে ডিপ্রেশন ও মাদকাসক্তির সঙ্গে লড়াই করার পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১৮ সালে তিনি মেয়ের পুরো কাস্টডি ভ্লাদিমির ক্লিৎসকোর হাতে তুলে দেন।

২০১৫ সালে ‘ন্যাশভিল’ সিরিজের শুটিং চলাকালীন প্রথম রিহ্যাবে ভর্তি হয়েছিলেন প্যানেটিয়ের। চলতি বছরই খ্যাতি, আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে তার স্মৃতিকথা ‘দিস ইজ মি: এ রেকনিং’ প্রকাশিত হয়। ব্যক্তিগত জীবনে তিনি বড় ধরনের পারিবারিক শোকের মুখোমুখিও হয়েছিলেন। ২০২৩ সালে তার একমাত্র ছোট ভাই অভিনেতা জ্যানসেন পেনেটিয়ের মাত্র ২৮ বছর বয়সে হৃদযন্ত্রের জটিলতায় হঠাৎ মারা যান, যাকে নিজের ‘অর্ধেক আত্মা হারানোর’ সমান বলে উল্লেখ করেছিলেন এই অভিনেত্রী।

মৃত্যুকালে মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের বাবা-মা এবং একমাত্র কন্যা রেখে গেছেন। অল্প বয়সে তার এই আকস্মিক প্রয়াণে হলিউড অঙ্গন ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights