৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চালু

অনলাইন ডেস্ক
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে শুক্রবার রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় ছিল সারিসারি যানবাহন। এ ছাড়া শীতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকলে যাত্রী ও যানবাহন নিয়ে এসময় ঘাট এলাকায় ৮টি ফেরি নোঙর করে পদ্মায় আটকে থাকে।

এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা কেটে যাওয়ার পর শনিবার সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights