৪ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যায় খেলতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া সোয়াইফ হোসেন (৪) নামের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

শনিবার উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম আদাশন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোয়াইফ ওই গ্রামের সেলিম সরদারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে খেলতে বের হয় সোয়াইফ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কী কারণে এবং কারা শিশুটিকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শিধলকুড়া ইউনিয়নের আদাশন গ্রাম থেকে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights