৫১ বছর বয়সে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক
ক্রিকেটে বয়স যে কেবল একটি সংখ্যা, সেটিই যেন নতুন করে প্রমাণ করলেন জোয়ানা হিকস। ৫১ বছর ১৭৩ দিন বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন আইল অব ম্যানের এই স্পিনার।
রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে গ্রিস নারী দলের বিপক্ষে মাত্র ১০ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন হিকস। তার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায় গ্রিস। পরে মাত্র ৯ উইকেট হাতে রেখেই পাওয়ার প্লের মধ্যে লক্ষ্য টপকে যায় আইল অব ম্যান।
এই ফাইফারের মাধ্যমে পুরুষ ও নারী—দুই ধরনের আন্তর্জাতিক ক্রিকেটেই সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন হিকস। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার বার্ট আইরনমঙ্গারের দখলে।
১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বছর ৩১৪ দিন বয়সে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন আইরনমঙ্গার। প্রায় ৯৬ বছর ধরে টিকে থাকা সেই রেকর্ড এবার ভেঙে দিলেন হিকস।
আইরনমঙ্গার অবশ্য ওই টেস্টে দুই ইনিংসেই পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। প্রথম ইনিংসে ৬ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। তার বোলিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকা যথাক্রমে ৩৬ ও ৪৫ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরে যায়।
১৯৩৩ সালে ৫০ বছর ৩২৭ দিন বয়সে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন আইরনমঙ্গার। ১৪ টেস্টে তার মোট ফাইফার ছিল চারটি।
বয়সের দিক থেকে হিকসের রেকর্ড গড়া অবশ্য নতুন নয়। ২০২৪ সালে মাত্র ছয় দিনের ব্যবধানে গ্রিস ও মাল্টার বিপক্ষে দুটি ফাইফার নিয়েছিলেন তিনি।
মাল্টার বিপক্ষে ৪৯ বছর ১৬২ দিন এবং গ্রিসের বিপক্ষে ৪৯ বছর ১৬৮ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে নারী ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার রেকর্ড গড়েছিলেন হিকস।
দুই বছর পর সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন তিনি। এবার ৫১ বছর ১৭৩ দিন বয়সে ফাইফার নিয়ে পুরুষ-নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট শিকারের নতুন নজির স্থাপন করলেন এই অভিজ্ঞ স্পিনার।
সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ফাইফার
৫১ বছর ১৭৩ দিন — জোয়ানা হিকস, আইল অব ম্যান, নারী টি-টোয়েন্টি, ২০২৬
৪৯ বছর ৩১৪ দিন — বার্ট আইরনমঙ্গার, অস্ট্রেলিয়া, পুরুষ টেস্ট, ১৯৩২
৪৯ বছর ২৩৪ দিন — বার্ট আইরনমঙ্গার, অস্ট্রেলিয়া, পুরুষ টেস্ট, ১৯৩১
৪৯ বছর ১৬৮ দিন — জোয়ানা হিকস, আইল অব ম্যান, নারী টি-টোয়েন্টি, ২০২৪
৪৯ বছর ১৬২ দিন — জোয়ানা হিকস, আইল অব ম্যান, নারী টি-টোয়েন্টি, ২০২৪
