৫২ বছর পর কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রায় নতুন উদ্বেগ

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ৫২ বছর পর আবারও বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। কিন্তু ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো।

ফিফা জানিয়েছে, কঙ্গোর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তারা নিয়মিত খোঁজখবর রাখছে এবং দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার স্বাস্থ্য বিভাগ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

ইবোলা সংক্রমণের কারণে কঙ্গোর রাজধানী কিনশাসায় নির্ধারিত অনুশীলন ক্যাম্প বাতিল করা হয়েছে। তবে দলটি জানিয়েছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের হিউস্টনে তাদের প্রস্তুতি ক্যাম্পে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, কঙ্গো দল যুক্তরাষ্ট্রের হিউস্টনে মূল ক্যাম্প করবে। ১৭ জুন তারা প্রথম ম্যাচ খেলবে পর্তুগালের বিপক্ষে। এরপর ২৩ জুন মেক্সিকোতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে কঙ্গো।

তবে ইবোলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা নতুন ভ্রমণ বিধিনিষেধ জারি করেছে। কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা বা সম্প্রতি এসব দেশে ভ্রমণ করেছেন এমন ব্যক্তিদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই অবস্থায় কঙ্গো দলের যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রশ্ন উঠলেও হিউস্টনের বিশ্বকাপ আয়োজন কমিটির প্রধান ক্রিস ক্যানেটি জানিয়েছেন, এখনো কোনো পরিকল্পনা পরিবর্তন হয়নি। ফিফা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

অন্যদিকে কঙ্গোর অধিকাংশ ফুটবলার ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন এবং ইবোলা প্রাদুর্ভাবের সময় তারা দেশে ছিলেন না। তাই খেলোয়াড় ও স্টাফদের বিশেষ অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights