৬ দল নিয়ে বিপিএল শুরু ১৯ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এর দিনক্ষণ নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইফতেখার রহমান মিঠু।

এর আগে, বিপিএলে ৫টি ফ্র্যাঞ্চাইজির কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নতুন পরিকল্পনার পর মিঠু জানিয়েছেন, স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়াতে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে। পাশাপাশি সূচি তৈরির ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পাঁচ দল নিয়ে প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন কঠিন হয়ে উঠছিল।

এবারের আসরের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। অন্যান্য দল হলো—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটানস।

মিঠু বলেন, নতুন একটি পরিকল্পনা হচ্ছে, সিলেট থেকে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করছি। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি। আর ১৭ ডিসেম্বর ঢাকায় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে।

১২ বছর পর আবারও বিপিএলে খেলোয়াড়দের নিলাম পদ্ধতি ফিরছে। মিঠু নিশ্চিত করেছেন, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। ২০১২ ও ২০১৩ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে খেলোয়াড়দের নিলামের মাধ্যমে নেওয়া হয়েছিল। এরপর টানা নয় আসরে ব্যবহার করা হয় ড্রাফট পদ্ধতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights