৮ দিনে ২ হ্যাটট্রিক করে জাতীয় দলে ইংলিশ পেসার
স্পোর্টস ডেস্ক
কাউন্টি চ্যাম্পিয়নশিপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পুরস্কার পেলেন হেনরি ক্রোকোম্বে। মাত্র আট দিনের ব্যবধানে টানা দুই হ্যাটট্রিক করে আলোচনায় আসা এই ইংলিশ পেসার এবার জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২৪ বছর বয়সী এই পেসারকে দলে নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ক্রোকোম্বের আন্তর্জাতিক দলে ডাক পাওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও ছিলেন তিনি। তবে সেবার একাদশে জায়গা হয়নি। এবার ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রোকোম্বে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে।
শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। পরের দুটি ম্যাচ ১৭ ও ১৯ সেপ্টেম্বর। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর। তবে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি ক্রোকোম্বের।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে এবার নতুন মুখ অ্যানাইরিন ডোনাল্ড ও জেমস কোলস। ২৯ বছর বয়সী ডোনাল্ড ১১১টি টি-টোয়েন্টিতে ২ হাজার ৪২৩ রান করেছেন, তাঁর স্ট্রাইক রেট ১৭০.৯৯। ২২ বছর বয়সী কোলস ৮১ ম্যাচে করেছেন ১ হাজার ৪৯০ রান, স্ট্রাইক রেট ১৪৩.৯৬।
ক্রোকোম্বের জাতীয় দলে ডাক পাওয়ার মূল কারণ তাঁর সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম। কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র আট দিনের ব্যবধানে দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন সাসেক্সের এই পেসার।
প্রথম হ্যাটট্রিকটি করেন সমারসেটের বিপক্ষে। প্রতিপক্ষের প্রথম ইনিংসের ৫৮তম ওভারের শেষ তিন বলে ক্রেগ ওভারটন, মিগায়েল প্রিটোরিয়াস ও জ্যাক লিচকে ফিরিয়ে দেন তিনি।
এরপর গতকাল এসেক্সের বিপক্ষেও একই কীর্তি গড়েন ক্রোকোম্বে। প্রথম ইনিংসের ৫৭তম ওভারের প্রথম তিন বলে সিমন হারমার, জামান আখতার ও শেন স্যান্টারকে সাজঘরে ফেরান তিনি।
শুধু হ্যাটট্রিকই নয়, দুই ম্যাচের দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন ক্রোকোম্বে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে টানা দুই ইনিংসে হ্যাটট্রিক করার ঘটনা এর আগে ঘটেছে মাত্র ছয়বার। ক্রোকোম্বে এই বিরল তালিকায় সপ্তম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন। তাঁর আগে জর্জ ফ্রিম্যান (১৮৬৮), যোগিন্দর রাও (১৯৬৩), মাইক প্রক্টর (১৯৭৯), ডিন হ্যাডলি (১৯৯৬), ওয়াসিম আকরাম (১৯৯৯) ও দীপক ধাপোলা (২০২৪) এই কীর্তি গড়েছিলেন।
ইংল্যান্ডের ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রোকোম্বে, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট ও জশ টাং।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ ও জশ টাং।
