রিয়ালের পাঁচে ‘পাঁচ’

অনলাইন ডেস্ক
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার (২৯ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নাপোলির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। টানা পাঁচ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করলো আসরের রেকর্ড চ্যাম্পিয়নরা।

রিয়ালের ঘরের মাঠে শুরুটা দারুণ করে নাপোলি। ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় তারা। এক সতীর্থের লম্বা ক্রস পেয়ে গোলমুখে বল বাড়ান জিওভান্নি দি লরেন্সো। আলতো টোকায় বাকি কাজটা করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জিওভানি সিমেওনে।

নাপোলির ব্যবধান অবশ্য এক মিনিটও স্থায়ী হয়নি। পুনরায় খেলা শুরু হতেই প্রথম আক্রমণেই সমতা টানে রিয়াল। ব্রাহিম দিয়াসের পাস ধরে বক্সে ঢুকে কয়েক পা এগিয়ে জায়গা বানিয়ে কোনাকুনি জোরালো শট নেন রদ্রিগো। দূরের পোস্ট দিয়ে বল খুঁজে পায় ঠিকানা।
রিয়াল এগিয়ে যায় ম্যাচের ২২তম মিনিটে। ডেভিড আলাবার উঁচু করে বাড়ানো থ্রু ধরে ডি-বক্সে জায়গা করে নিয়ে দারুণ হেডে গোলটি করেন ছন্দে থাকা জুড বেলিংহ্যাম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতা ফেরায় নাপোলি। সতীর্থের পাস ধরে ডি-বক্সের মাঝ বরাবর কাটব্যাক করার চেষ্টা করেন জাম্বো আনগিসা। কিন্তু মাঝপথে দানি সেবাইয়োস বল ঠেকালেও ফিরতি বল পেয়ে জোরাল শটে নাপোলিকে সমতায় ফেরান ক্যামেরুনের মিডফিল্ডার। চাপ ধরে রেখে ৮৪তম মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় রিয়াল। রুডিগারের পাস ধরে দূরপাল্লার শট নেন নিকো পাস। ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি নাপোলি গোলরক্ষক।

ম্যাচের যোগ করা সময়ে নাপোলির শেষ আশাটুকু শেষ করে দেন হোসেলু। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বেলিংহ্যামের পাস পেয়ে কাছ থেকে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights