স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে দেনমোহরের জেরে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামী শাহাবুদ্দিন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চিলমারী থানা পুলিশ। অভিযোগে জানা যায়, চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের আমেনা বেগম (২৯) এর সাথে উলিপুর উপজেলার হাতিয়া এলাকার শাহাবুদ্দিন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ১ লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহরে তাদের দুজনের গত ২৩ অক্টোবর বিয়ে সম্পন্ন হয়। এর কিছুদিন পর থেকেই দেনমোহরের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলতে থাকে।

পরে গত ৬ নভেম্বর দুপুরে আমেনা বেগমকে ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান প্রতিবেশিরা। এ সময় অনেক ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের তালা ভেঙ্গে ওই গৃহবধূকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী শাহাবুদ্দিন পলাতক রয়েছেন। পরবর্তীতে চিলমারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময়ে অনুসন্ধান চালিয়ে ঘাতক স্বামীর অবস্থান নিশ্চিত করে চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে সেখানকার স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

এরপর তার দেখানো মতে শ্বাসরোধ করে হত্যায় ব্যবহৃত কম্বল উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। আমরা এর মূল ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights