শ্রীপুরে বেকারি থেকে পচা ডিম জব্দ, জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বেকারি থেকে ৪ হাজার পচা ডিম জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই বেকারির মালিককে এক লাখ ও সরবরাহকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিবাগত রাত ১০টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে রঙ্গীলা বাজার এলাকার নিউ হৃদয় ফুড প্রোডাক্টস্ থেকে এসব ডিম জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে রঙ্গীলা বাজার এলাকার নিউ হৃদয় ফুড প্রোডাক্টস্ বিভিন্ন ধরনের বেকারি পণ্য কেক, পাউরুটি ও বিস্কুট উৎপাদন করে আসছিল। সোমবার দিবাগত রাতে একটি পিকআপে করে ৪ হাজার হ্যাচারির পচা ডিম জব্দ করে স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে জানানো হয়। পরে চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে স্থানীয় প্রশাসনকে জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন।
পচা ডিমের বিষয়ে জানতে মঙ্গলবার সকালে মালিক মো. হানিফ রহমানকে বেকারিতে পাওয়া যায়নি। ঘটনার পর তিনি আর বেকারিতে আসেননি। মুঠোফোনে তিনি পচা ডিম কেনার কথা স্বীকার করে বলেন, আপনার সাথে তো মিথ্যা কথা বলে লাভ নাই, আমি একটা চক্রান্তের শিকার। আমি এই কাজ কোনোদিন করি নাই। কালকে শুধু ডিমগুলো রাখছি। আমি ডিমগুলো রাখার ২০ মিনিটের মধ্যে অত্যাচার শুরু হয়ে গেছে।

ডিমগুলো পচা কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পচা ডিম বলতে এগুলো হ্যাচারির ডিম। কুসুমগুলো শুধু গলানো আর কি। ডিমগুলো টাঙ্গাইলের এক ব্যবসায়ী সরবরাহ করতো জানিয়ে তিনি বলেন, আমাকে বলা হয়েছে ডিম ভাল, কুসুমগুলো শুধু ভাঙা হবে। আমি এক হাজার হ্যাচারির ডিম চাইলে সে আমাকে চার হাজার ডিম পাঠায়। এটা আমার ভুল হয়েছে, ভুল হয়ে গেলে তো মানুষের মাথার সেন্স ঠিক থাকে না।

শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কয়েক হাজার পচা ডিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। বেকারির মালিক ও ম্যানেজার কাউকে না পেয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিম সরবরাহকারীকে কৌশলে খবর দিয়ে এনে তাকেও ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেকারি থেকে তিন বস্তা বিস্কুট জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights