নির্বাচন পরবর্তী সহিংসতা : স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন জেল হাজতে
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. কাবির মিয়াসহ ছয়জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রবিবার তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ৩২ জন আসামির মধ্যে ২৯ জন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। ম্যাজিস্ট্রেট মো. কাবির মিয়াসহ ছয়জনের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকি ২৩ জনের জামিন আদেশ দেন বিচারক।
কোর্ট জিআরও মো. ইউসুফ এ তথ্য জানিয়ে বলেন, মো. কাবির মিয়াসহ ছয়জনকে রবিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল (৫৫) ও তার ড্রাইভারসহ তিনজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এ হামলার ঘটনা ঘটে।
ওই দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল বাদী হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে থেকে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়াসহ ৩২ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
