ইমরান খানের পর এবার কুরেশিকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা

অনলাইন ডেস্ক

ইমরান খানের পর এবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

রবিবার নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় প্রতীক ‘ব্যাট’ ছাড়াই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছে পিটিআই নেতারা। নির্বাচনের মাত্র চারদিন আগে এ ঘোষণা দিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের এ ঘোষণার ফলে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না কুরেশি। পাশাপাশি আরও পাঁচ বছর কোনও নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।

ইসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত কুরেশিকে সাইফার মামলায় দোষী সাব্যস্ত করেছে। এজন্য তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সংবিধানের ৬৩ এর ১ এর ‘এইচ’ অনুচ্ছেদের অধীনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ইসিপি বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচন আইন, ২০১৭ এর ধারা ২৩২ এর অধীনেও কুরেশিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। প্রবীণ এই পিটিআই নেতা এনএ-২১৪ (থারপারকার) সিন্ধু থেকে তার মনোনয়নপত্র জমা দিয়ে জাতীয় পরিষদের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশির বিরুদ্ধে। পাশাপাশি ইমরান খানকে দেওয়া হয়েছিল ১০ বছরের নিষেধাজ্ঞা। এবার কুরেশি পেলেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা। সূত্র: জিও টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights