ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথির

অনলাইন ডেস্ক

ব্রিটেনের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।

বৃহস্পতিবার এডেন উপসাগর পার হওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয় এবং ইয়েমেনি সামরিক বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র সরাসরি তাতে আঘাত হানে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে এ হামলা চালানো হয়েছে।
এর আগে পশ্চিমা দু’টি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছিল যে, ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাত্রা করে।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা আমব্রে বলেছে, এডেন উপসাগরের পূর্ব উপকূল দিয়ে যাওয়ার সময় বাল্ক জাহাজটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে জাহাজটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে জাহাজ থেকে কিছু ডিজেলও পড়ে যায়।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সাথে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ এবং ইসরায়েল অভিমুখী বিশ্বের যেকোন দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে।

সূত্র : এএফপি ও এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights