দিনাজপুরে ঘুষের টাকাসহ গৃহায়ন কর্তৃপক্ষের প্রকৌশলী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ঘুষের দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে দিনাজপুরে তার নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুদকের দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে দুদক টিম। এসময় মোরশেদ আলমের কাছ থেকে দেড় লাখ টাকাসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয় এবং মামলা দায়ের করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক দিনাজপুর জানায়, দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে রিভাইজড প্ল্যান অনুমোদন, খণ্ড জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুষ দাবির অভিযোগে দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম উপসহকারী প্রকৌশলী এবং প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোরশেদ আলম দুদকে অভিযোগকারীর কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া দেড় লাখ টাকাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে। পরে ঘুষের টাকা ও রেকর্ডপত্র জব্দপূর্বক সংগ্রহ করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে নির্বাহী প্রকৌশলীর হেফাজতে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দুদক দিনাজপুর হতে রেকর্ডপত্র যাচাই-বাছাই পূর্বক মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করলে কমিশন ৪ মার্চ সোমবার মামলার অনুমোদনপত্র প্রেরণ করেন। তার প্রেক্ষিতে সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করেন। আটক ব্যক্তিকে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights