অর্থ ফেরত পাচ্ছেন মেসির খেলা দেখতে না পাওয়া হংকং সমর্থকরা

ঘরের মাঠে প্রীতি ম্যাচে অনেক আকাঙ্খা নিয়ে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন হংকংয়ের সমর্থকরা। কিন্তু গত মাসে ইন্টার মিয়ামির বিপক্ষে হংকং একাদশের মধ্যকার আয়োজিত এই ম্যাচটিতে ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে মেসি সমর্থকরা।

পুরো স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ থাকলেও মেসিকে মাঠে দেখতে না পেয়ে ইন্টার মিয়ামি মালিক ডেভিড বেকহ্যাম ও কোচ জেরাডো মার্টিনোকে দুয়োধ্বনি দিয়েছে স্বাগতিক ভক্তরা। এ নিয়ে হংকং সরকারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আয়োজকদের এ ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেয় স্থানীয় সরকার। শেষ পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে বিক্রিত টিকেটের অর্ধেক মূল্য ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি হংকং একাদশের বিপক্ষে ইন্টার মিয়ামির প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসির খেলা দেখতে সমর্থকরা ৮৮০ হংকং ডলার থেকে শুরু করে আরও উচ্চ মূল্যের টিকেটও ক্রয় করেছিল। কিন্তু ইনজুরির কারণে পুরো ম্যাচে তাকে বদলি বেঞ্চে দেখা গেছে। পরবর্তীতে মেসির এই অনুপস্থিতিতে অনেকে রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখেছে।
আয়োজক টালটার এশিয়া জানিয়েছে, যারা এই ম্যাচের জন্য অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে টিকেট ক্রয় করেছে তাদেরকে ৫০ শতাংশ অর্থ ফেরত দেওয়া হবে। এক্ষেত্রে টিকেট সংক্রান্ত আয়োজকদের সব শর্ত মেনে নিতে হবে।

এ ঘটনায় চাপের মধ্যে থাকা টালটার ম্যাচটি আয়োজনের জন্য হংকং সরকারের কাছে ১৬ মিলিয়ন হংকং ডলার অনুদানের যে আবেদন করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে।

হংকং থেকে পরের ম্যাচ খেলতে ইন্টার মিয়ামি জাপানে যায়। সেখানে টোকিওতে ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি ৩০ মিনিট খেলেছেন, যাতে করে চাইনিজ সমর্থকরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights