তীব্র দাবদাহে সিংড়ায় শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী ও পানি বিতরণ
নাটোর প্রতিনিধি
তীব্র তাপদাহে খাদ্যসামগ্রী, ওষুধ ও পানীয়-জল নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এক সপ্তাহজুড়ে সিংড়ার চলনবিলের বিভিন্ন মাঠে গিয়ে ধান কাটা শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন লাচ্ছি, বোতলজাত পানি, খাবার স্যালাইন, বিস্কুট ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। ইতিমধ্যে সাত শতাধিক শ্রমিকের মাঝে এই কর্মসূচি পালন করেছেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে স্যালাইন-পানি ও শরবত বিতরণ করছে বিভিন্ন সামাজিক সংগঠন।
মঙ্গলবার বিলতাজপুর, সাতপুকুরিয়া ও মাগুড়া মাঠের তিন শতাধিক শ্রমিকদের হাতে এই পানি ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী জাকারিয়া মিঠু, শিক্ষক হাসিবুল হাসান শিমুল, আবু বকর সিদ্দিক, রিপন হোসেন ও ইকবাল হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা বিলে পাখি বাঁচাতে কাজ করেন। এবার তারা কৃষি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি একটি মহৎ উদ্যোগ।
