বুথফেরত জরিপের চেয়ে ভালো অবস্থায় কংগ্রেস জোট

অনলাইন ডেস্ক

ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনি কার্যক্রম শেষে এবার শুরু হয়েছে ১৮তম লোকসভার ভোট গণনা। গণনায় বুথফেরতের আভাসের চেয়ে ভালো অবস্থায় কংগ্রেস জোট।

যদিও নির্বাচনে বুথফেরত জরিপে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের যে জয়জয়কারের কথা বলা হয়েছিল, বাস্তবে তা না-ও হতে পারে। অন্তত ভোট গণনা শুরু হওয়ার দুই ঘণ্টা পরের চিত্র এমনই।

এদিকে, মঙ্গলাবার বেলা পৌনে সাড়ে ১২টার দিকে ইন্ডিয়া টুডের দেওয়া সর্বশেষ গণনার ফল বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৫ আসনে এগিয়ে আছে। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৮ আসনে। বাকি ২০ আসনে এগিয়ে অন্য দলগুলো।
সব জরিপই বিজেপি ও এনডিএকে ৩৫৯ থেকে ৩৯৫ আসন দিয়ে দেয়। ‘ইন্ডিয়া’ জোটকে দেয় ১২৫ থেকে ১৬১ আসন। প্রতিটি জরিপ অনুযায়ী, বিজেপি শুধু হিন্দি-বলয়ে তার অবস্থান ধরেই রাখেনি, তারা দক্ষিণেও ডানা বিস্তার করতে চলেছে। যেমন তামিলনাড়ু ও কেরালা।

এই দুই রাজ্যে বিজেপি কখনো একার ক্ষমতায় আসন জেতেনি। এবার জরিপ অনুযায়ী, বিজেপি তামিলনাড়ুতে এক থেকে তিনটি আসন পেতে পারে, কেরালায়ও পেতে পারে দু–তিনটি আসন। বুথফেরত জরিপগুলোর ফল অনুযায়ী, এবার পশ্চিমবঙ্গেও ভালো ফল করতে পারে বিজেপি। পশ্চিমবঙ্গের মোট আসনসংখ্যা ৪২। এর মধ্যে এ রাজ্যে এবার ২৩ থেকে ২৭ আসন জিতে তৃণমূল কংগ্রেসকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিতে চলেছে বিজেপি, বুথফেরত জরিপের ফল এমনই।

তবে এখন পর্যন্ত পোস্টাল ব্যালট এবং প্রথম রাউন্ডের ইভিএমের ফলাফলে দেখা যাচ্ছে, অপেক্ষাকৃত ভালো করছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া।

যে উত্তর প্রদেশে বিজেপির শক্ত ভিত ছিল, সেখানে ৪১ আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। ৩৭ আসনে এগিয়ে বিজেপি।

মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুতে বিজেপির ভালো করার যে ইঙ্গিত ছিল, তা–ও প্রথম রাউন্ডে মিলছে না।

পশ্চিমবঙ্গে পোস্টাল ব্যালটে গণনার সময় বিজেপি ২৭ আসনে এগিয়ে থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায় তৃণমূল ২৪ আসনে এগিয়ে।

৫৪৩ আসনে সাত ধাপে ভারতের ১৮তম লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন। আজ একযোগে গোটা ভারতের ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights