৬ মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা-মা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় কান্নাকাটি করায় ৬ মাস বয়সী এক কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে মা। সোমবার রাতে একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশ্বল গ্রামে। এ ঘটনায় পুলিশ নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও পিতা জিল্লুর রহমানকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সাথে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে সদর থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে। নিখোঁজের বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেন। তিনি জানান, রাতে চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে ওড়না ঢুকিয়ে দেয়। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী মরদেহটি খালে ফেলে আসতে বলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আকটকৃত বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights