লালবাগে ৪ তলা ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু
রাজধানীর লালবাগের আজিমপুর সরকারি কলোনির পুরনো চার তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে খাইরুন বেগম (৪৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খাইরুন বেগম মাদারীপুর জেলার কালকিনি থানার মৃত সেকেন্দার সরদারের মেয়ে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় খাইরুন বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সকাল পৌনে ১২টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খাইরুন বেগমকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মিলন বলেন, ‘তিনি আমাদের সঙ্গে রাজমিস্ত্রির সহকারী ও বিভিন্ন সময় রংয়ের কাজ করে। আজ সকালের দিকে চার তলার ওপরে কাজ করার সময় অসাবধানতাবসত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান খাইরুন বেগম আর বেঁচে নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
