পাচারের আগে কুষ্টিয়ার সীমান্ত থেকে কোটি টাকার স্বর্ণ জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি:
ভারতে পাচারের আগে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ৭টি দ্বিখণ্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএলসি) মাহাবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা সিমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে তাদের আটক ও স্বর্ণের বারগুলো জব্দ করে চিলমারি বিওপি। আটক ব্যক্তিরা হলেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২০) ও কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজা (২২)। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
আটক ব্যক্তিদের কাছ থেকে এক কেজি ৩৭৩ গ্রাম ওজনের ৭টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেল, দুটি স্মার্ট মোবাইলসহ সিম কার্ড, নগদ এক হাজার ২২০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।

বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মাহাবুব মর্শেদ রহমান বলেন, ভারতে পাচারের আগে সীমান্ত পিলার থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে তাদের ধরা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights