সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি-রাঙামাটিতে ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির দিঘীনালায় সহিংসতার ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় জন। দিঘীনালায় সংঘর্ষের জেরে উত্তপ্ত রাঙামাটি শহরও। সেখানে উভয়পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, সহিংসতা ও নাশকতা রোধে খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে কোনো ধরনের সহিংসতা রোধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলে হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অপরদিকে, দিঘীনালায় সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়েছে রাঙামাটি শহরও। সেখানে উভয়পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয়েছে দোকানপাট। আহত হয়েছেন অন্তত ২০ জন। উত্তেজনা বিরাজ করায় শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights