মাগুরায় ব্রিজের পাশের রাস্তায় ধস
মাগুরা প্রতিনিধি
মাগুরায় নবগঙ্গা নদীর উপর নির্মিত পুরাতন ব্রিজের সংযোগ সড়কের পাশে ধসের সৃষ্টি হয়েছে। এতে করে ব্রিজের উপর দিয়ে যান চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে শনিবার সকাল সাড়ে ৫টার দিকে রাস্তাটি ধসে পড়ে। দ্রুত সংস্কারের কাজ চলছে।
স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, বৃষ্টির পানি দীর্ঘদিন ব্রিজের কোনা দিয়ে চুইয়ে চুইয়ে পড়ার ফলে মাটিতে ফাটলের সৃষ্টি হয়ে আজ সকালে সেখানে ধস নেমেছে। এতে করে যান চলাচলসহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। দ্রুত সমাধান না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি জানার পর পরই আমরা সেখানে মেরামতের কাজ শুরু করি। আপাতত বাঁশ দিয়ে বাঁধ সৃষ্টি করে সেখানে জিওব্যাগ ফেলে ভরাট করা হবে। যাতে করে নতুন করে ভাঙনের সৃষ্টি না হয়। পরে দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
